নিজস্ব প্রতিবেদক : সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় শিক্ষার্থীরা পৌঁছালে পুলিশ তাদের যাত্রায় বাধা দেয়। এদিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ায় ধানমন্ডি–নিউমার্কেট সড়কে যানচলাচল আবার স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পরে সাড়ে বারোটার দিকে অবরোধ কর্মসূচি শেষে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে মিছিল নিয়ে ঢাকা কলেজের সামনে জড়ো হন। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা শুরু হয়। একাংশ সচিবালয়ের দিকে যাওয়ার পক্ষে মত দেন, কেউ শিক্ষা ভবনের দিকে যাওয়ার প্রস্তাব করেন, আবার কেউ বকশীবাজারে অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার দিকে যাওয়ার কথা বলেন। এ নিয়ে আন্দোলনকারীদের মধ্যে কিছুসময় মতভেদ দেখা দেয়।
পরে আলোচনা শেষে একদল শিক্ষার্থী ঢাকা কলেজের সামনের অবস্থান ত্যাগ করেন। তবে বড় একটি দল শিক্ষা বোর্ডের উদ্দেশে যাত্রা করার সিদ্ধান্ত নেয় এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে বকশীবাজার অভিমুখে পদযাত্রা শুরু করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.