Site icon Daily Dhaka Press

আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

ক্রীড়াঙ্গন প্রতিবেদক : আজ(মঙ্গলবার) টেক্সাসের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামছে ফ্রান্স ও স্পেন। অপ্রতিরোধ্য থাকা ফ্রান্সকে ভাবা হচ্ছে এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার। অন্যদিকে, কেপভার্দের বিপক্ষে হোঁচট খাওয়ার পর চেনা ছন্দে ফিরেছে স্পেন। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগকে থামানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।

ফাইনালের আগে যেন আরেক ফাইনাল। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার দিনগত রাত একটায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স।

গত কয়েক বছরে সেমিফাইনালে দুই দলের এটি তৃতীয় গুরুত্বপূর্ণ মুখোমুখি। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। তাই এবার সেই দুই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া ‘লে ব্লু’রা।

এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৮ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও স্পেন। যেখানে স্প্যানিশদের দাপট স্পষ্ট, তারা ১৮ ম্যাচে জয় পেয়েছে। বিপরীতে ফ্রান্সের জয় ১৩টিতে এবং বাকি ৭ ম্যাচ ড্র হয়েছে। ২০১৮ বিশ্বকাপের শুরু থেকে বড় কোনো টুর্নামেন্টে খেলা ২৭টি ম্যাচের মধ্যে স্পেন মাত্র একটিতে হেরেছে (১৬টি জয়, ১০টি ড্র)। ২০২২ বিশ্বকাপে জাপানের কাছে ২-১ ব্যবধানে হারের পর থেকে তারা টানা ১৪টি ম্যাচে অপরাজিত।

শেষ চারের আগে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি ফ্রান্সকে। তাদের অলস্টার আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে, ইতোমধ্যে ছয় ম্যাচে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছেন। আক্রমণভাগে এমবাপের সঙ্গে রয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসে, ব্যালন ডি’অরজয়ী ওসমানে দেম্বেলে এবং প্যারিস সেইন্ট-জার্মেইর জুটি ব্র্যাডলি বারকোলা ও ডিসায়ার ডুয়ে।

Exit mobile version