Site icon Daily Dhaka Press

লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক : মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, এ মামলায় পরোয়ানা মূলে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে আজ ট্রাইব্যুনালে হাজির করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত আসামিপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। অতএব তাকে কারাগারে পাঠানোর আবেদন করছি। শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে লতিফ সিদ্দিকীকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, গত ২৭ জুলাই শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। মামলায় আবদুল লতিফ সিদ্দিকী ১০ নম্বর আসামি। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতে জানান, ২০১৩ সালে সংঘটিত শাপলা চত্বরের গণহত্যার পরিকল্পনায় তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালে হাজির করার আগ পর্যন্ত তিনি ডিবি হেফাজতে ছিলেন। পরে তাকে আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আবদুল লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও।

Exit mobile version