বিশ্বজুড়ে ডেস্ক : দুবাইয়ে জামিনে মুক্তি পাওয়া বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি দুবাই পুলিশ। রোববার (২ আগস্ট) তার মুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটি এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী। এ সংক্রান্ত কাজে দুদকের গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন আদেশ যাতে আদালত বাতিল করে, সেজন্য দুবাইয়ের আইনজীবী নিয়োগের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “জামিন আদেশের সত্যায়িত কপি সংগ্রহের চেষ্টা চলছে এবং ওই আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করেছে।” রোববার বিকালে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দুবাই পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্স জানায়, ব্যক্তিগত বা চলমান আইনি বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করে না। এ ধরনের তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তির নিকটাত্মীয়কে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।
পারিবারিক সূত্রের দাবি, আদালতের শর্ত বহাল থাকলেও বেনজীর দুবাই থেকে ইউরোপের একটি দেশে যাওয়ার চেষ্টা করছেন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, তার পাসপোর্ট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে এবং অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ত্যাগের সুযোগ নেই।
এদিকে ঢাকায় পুলিশ সদরদপ্তরের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, বেনজীরের জামিনে মুক্তির বিষয়ে তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছেনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারাও প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.