Site icon Daily Dhaka Press

৩ বছরের জন্য ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন ড. সাব্বির মোস্তফা খান

ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান মো. সাব্বির মোস্তফা খান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার মতো বড় চ্যালেঞ্জের সময়ে ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুযায়ী তাকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি শুধু প্রশাসনিক পরিবর্তন নয়; বরং পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর ড্রেনেজ ও জলবায়ু অভিযোজন বিষয়ে দীর্ঘ গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞের হাতে ঢাকা ওয়াসার নেতৃত্ব অর্পণ।

ড. সাব্বির মোস্তফা খান দুই যুগের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। ১৯৯৬ সালে বুয়েটের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৯৭ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল (ডাব্লিউআরই) বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ড্রেনেজ মডেলিং, হাইড্রোলজিক, হাইড্রোডাইনামিক এবং মরফোলজিক্যাল মডেলিংয়ের পাশাপাশি পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ (ইএসআইএ) এবং জলবায়ু সংক্রান্ত পরিসংখ্যানে তার বিশেষ দক্ষতা রয়েছে।

কর্মজীবনে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নদী তীর সংরক্ষণ বিষয়ক একটি কোর্সে ‘রিসোর্স পারসন’ হিসেবে কাজ করেছেন। চীনের চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (সিএএস) সঙ্গে বুয়েটের একটি যৌথ গবেষণা প্রকল্পে সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি।

এছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের হয়ে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান বিআইএফএফএলএর পরিবেশগত ও সামাজিক মনিটরিং ফ্রেমওয়ার্ক (ইএসএমএফ) হালনাগাদের কাজ করেছেন এই অধ্যাপক।

Exit mobile version