Site icon Daily Dhaka Press

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মাননা পেলেন টি ডব্লিউ সৈনিক

আনন্দলোক ডেস্ক : নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী টি ডব্লিউ সৈনিক। বাংলা সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

নিউ ইয়র্কে অনুষ্ঠিত চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র, সংস্কৃতি ও শিল্পীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। উৎসবের বিভিন্ন আয়োজনের পাশাপাশি বাংলা সংস্কৃতি ও সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের সম্মান জানানো হয়। এরই ধারাবাহিকতায় টি ডব্লিউ সৈনিকের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

সম্মাননা পাওয়ার পর টি ডব্লিউ সৈনিক নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি জানান, সংগীতে তাঁর বিশেষ অবদানের জন্য ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাঁকে সম্মানিত করায় তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও আনন্দিত।

টি ডব্লিউ সৈনিকের এই সম্মাননা প্রাপ্তি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, প্রবাসে বাংলা সংগীতচর্চা ও বাংলা সংস্কৃতির বিকাশেও একটি ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এবারের উৎসবে ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয়।

Exit mobile version