নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে- এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে দলটির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মির্জা ফখরুল নিজেও বলছেন, রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
রবিবার বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, দলীয় চেয়ারম্যান মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করেছেন। এছাড়াও দীর্ঘদিনের বিএনপি মহাসচিবই রাষ্ট্রপতি পদে দলের পছন্দ বলে নিশ্চিত করেন তিনি। এর আগে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে সরকারি দল বিএনপির দুজন জ্যেষ্ঠ নেতা। তারা হলেন- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোবাইল ফোনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাওয়া হয়, বিএনপির পক্ষ থেকে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে কি না। জবাবে তিনি এক গণমাধ্যমকে বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। ব্যাপারটি আমার নলেজে নেই।”

