নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬২.২৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। এ বছর ঢাকায় পাসের হার ৭১.৬৩ শতাংশ। কুমিল্লায় পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ ফাইভ ৯৮১৪। চট্টগ্রামে পাসের হার ৫৯.৪৮ শতাংশ। যশোরের পাসের হার ৬৬.২৭ শতাংশ। বরিশালের পাসের হার ৬০.৩৫ শতাংশ। সিলেটের পাসের হার ৫৮.৩৩ শতাংশ। দিনাজপুরের পাসের হার ৫৮.০৫ শতাংশ। ময়মনসিংহের পাসের হার ৫৭.৩৯ শতাংশ।
এছাড়া মাদ্রাসায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ। কারিগরি বোর্ডের পাসের হার ৫৮.২০ শতাংশ। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৬৬৯টি, শূন্য পাস ৩১২টি। পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

