Site icon Daily Dhaka Press

খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত: প্রধান অতিথি রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সঙ্গীত পরিবেশন, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ প্রোগ্রাম ২০২৬”। হেরাল্ড ওপেন, গোল্ডেন টাই ও ৩৬ রেসকিউ ওপেন স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী ও সংগঠনসমূহের প্রধান উপদেষ্টা জনাব হাবিবুর রশীদ হাবিব, এমপি। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী আয়োজকদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি স্কাউটদের শৃঙ্খলা, সমাজসেবা ও দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আজকের তরুণ সমাজ ও স্কাউটদের এমন মানবিক কর্মকাণ্ড দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।” একই সাথে তিনি খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রতিমন্ত্রী নিজে রক্ত পরীক্ষার মাধ্যমে বিনামূল্যে রক্ত নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন। এরপর তিনি স্কুলের আঙ্গিনা ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্কাউট ব্যক্তিত্ব জনাব ফারুক আহাম্মদ, এলটি। গোল্ডেন টাই ওপেন স্কাউট গ্রুপের সভাপতি লায়ন ইঞ্জিঃ মোঃ আকরাম উজ জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্কাউট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে পরিবেশ সুরক্ষায় চারাগাছ রোপণ ও বিতরণ করা হয় এবং উক্ত বিদ্যালয়ের পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Exit mobile version