নিজস্ব প্রতিবেদক : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি পদে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপর প্রার্থী হলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ।
তবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েও নিজের ভোট নিজে দিতে পারছেন না জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম। জাতীয় সংসদের সদস্য না হওয়ায় তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার নন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সেই হিসাবে বর্তমানে সংসদে থাকা ৩৪৯ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থী অযোগ্য ঘোষিত হওয়ায় ওই আসনে বর্তমানে কোনো সংসদ সদস্য নেই।
সংসদে সাধারণ আসনে বিএনপির ২১১ জন, জামায়াতের ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন, অন্যান্য দলের সাতজন এবং স্বতন্ত্র সাতজন সদস্য রয়েছেন। সংরক্ষিত আসনে বিএনপি ও সমমনা দলগুলোর ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন এবং একজন স্বতন্ত্র সদস্য রয়েছেন।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই প্রথম সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুপুর দুইটা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সিইসি জানান, ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। এরপর ব্যালট গণনা শুরু হবে। রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের ভোট দেওয়ার জন্য সংসদ কক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে।
‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ‘নির্বাচনী কর্তা’ হিসেবে এই পুরো নির্বাচন কার্যক্রম পরিচালনা করছেন। সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ৫ বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।

