নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের কৃষকেরা একাধিকবার সারের ডিলারের কাছে ধরনা দিয়ে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যান। আজ রবিবার (২৩ আগস্ট )বেলা ১১ টার দিকে এ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, রোপা-আমনের ভরা মৌসুমে গত তিন দিন থেকে সার না পেয়ে রবিবার সার দেওয়ার কথা শুনে শিলখুড়ি ইউনিয়নের বিপুল সংখ্যক কৃষক সার নিতে সকাল থেকে ধলডাঙা বাজারে অবস্থিত বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টার প্রাইজ ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় কৃষকেরা গুদামের দরজা ভেঙে ২০২ বস্তা ইউরিয়া সার লুট করে নিয়ে যায়। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩টি সারের বস্তা ফেরত দিয়ে গেছে। বাকী সার উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকদের সহায়তায় অনেকগুলো সারের বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন জানান, ডিলার শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুল এক হাজার ৩২০ বস্তা ইউরিয়া সার বরাদ্দ পেয়েছিলেন। তার মধ্যে গুদামে মজুদ ছিল ৩৪০ বস্তা সার। রোববার ২ শতাধিক কৃষক এ ডিলার পয়েন্টে সারের জন্য একত্রিত হন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর পয়েন্ট না খুলে টালবাহানা করতে থাকে ডিলার। এতে টাকা দিয়েও সময়মতো চাহিদা মোতাবেক সার কিনতে না পেরে বিক্ষুব্ধ হয়ে উঠেন কৃষকরা। পরে সকাল ১১টার দিকে তারা গোডাউনের দরজা ভেঙে ৫০ কেজি ওজনের ২০২ বস্তা সার নিয়ে যায়।
এ বিষয়ে জানতে শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুলের মোবাইলে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

