ডিডিপি ডেস্ক: জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান এবং বাড়ির মালিক হিসেবে আমাদের যে সুযোগ রয়েছে তা যেন কাজে লাগানো যায় সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর আমাদের এনার্জি খাতে ৪০থেকে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে। আমাদের সরকারের জন্য এটা কিন্তু অনেক বড় রকমের বোঝা। সরকার, প্রতিষ্ঠান এবং মালিকপক্ষ সবাই যদি নিজেদের এই সুযোগকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ সম্প্রসারণ এর উদ্যোগী হয় তাহলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এতে করে সরকারের ভর্তু কি কমে আসবে। সবাই মিলে যদি আমরা একটু একটু করে কাজ করি নিজের জায়গা থেকে তাহলে এই সমস্যার সমাধান সম্ভব।’ প্রধান অতিথির বক্তব্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া সচিব (পিআরএল) একথা বলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনাক্রমে ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১১:০০ টায় নিকুঞ্জস্থ হোটেল গ্রেস ২১ এর ব্যাঙ্কোয়েট হলে ঢাকায় ডেসকোর বিতরণ এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ অবহিতকরণ ও অংশীজন সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:)শামীম আহমেদ বলেন,‘ ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ সম্প্রসারণে আমরা ইতোমধ্যে বিডা বিল্ডিং এর ছাদে একটি সৌর বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করেছি যা ডেসকো-বিডা মডেল হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ডেসকো-বিডা মডেলকে সামনে রেখে সৌর বিদ্যুৎ সম্প্রসারণে সারাদেশে ব্যাপক কাজের উদ্যোগ নেয়া হচ্ছে। আমাদের ডেসকো এলাকায় যে সোলার স্থাপনা গুলো রয়েছে তাতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। তাই সেগুলো থেকে শতভাগ বিদ্যুৎ যেন উৎপাদিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করছি।’
আমন্ত্রিত অংশীজনের অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন করেন। ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক এবং তার পক্ষ থেকে ডেসকো’র কর্মকর্তাগণ সেই প্রশ্নের উত্তর প্রদান করেন।
সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন ডেসকো’র নির্বাহী পরিচালক প্রকৌশল অতিরিক্ত দায়িত্ব মোঃ মফিজুল ইসলাম ভূঁইয়া । আমন্ত্রিত অতিথিদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেন ডেসকো’র ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নাফ। ডেসকো’র তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ আশফাক আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন, পূর্ণতা রায়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ডেসকো আওতাধীন অঞ্চলের বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিগণ, ইপিসি ঠিকাদার, বিভিন্ন ভবন ও ফ্ল্যাট মালিক সমিতির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন এবং ডেসকো’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।
ডেসকো এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ দ্রুত সম্প্রসারণের উদ্যোগ

