বিশেষ প্রতিনিধি : ডেঙ্গুর প্রকোপ যেন থামছেই না। গত কয়েক বছরে বারবার চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। দেশবাসীর যেন অনেকটা অসহায় আত্মসমর্পন চলছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি অক্টোবর মাসের ৬ দিনে প্রাণ গেল ৩৬ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৯৪ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৮৭ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৪৮০ জন।
বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৬১ জন, খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ২০৩, চট্টগ্রামে ২৪২ জন, ময়মনসিংহে ৯৬, রংপুরে ৭৫ জন এবং রাজশাহী ১৯৯ জন।

