নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের টেকসই জ্বালানি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রসারে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি ডেসকো, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার এট হোম এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন অনুষ্ঠিত হয়।
সোমবার ১২ অক্টোবর ২০২৬ আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ ইয়াসমিন বেগম। তিনি বলেন,‘আগামী গ্রিষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে জাতীয় গ্রিডে ৩০০০-৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে সম্প্রতি সকল সরকারি দপ্তরে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে রুফটপ সোলার স্থাপনকে উৎসাহিত করার লক্ষ্যে এই সময়ের মধ্যে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম হতে বিদ্যুৎ ক্রয়ের জন্য সরকার বিশেষ প্রণোদনা ঘোষনা করেছে। এর আওতায় গ্রাহক তাঁর ছাদে স্থাপিত সোলার সিস্টেম হতে উৎপাদিত বিদ্যুৎ দ্বারা নিজের চাহিদা পূরনের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিড সরবরাহ করলে তা প্রতি ইউনিট ১০.৫০ টাকা হারে সরকার ক্রয় করে নেবে। সোলার সিস্টেম স্থাপনের ব্যয় কমিয়ে আনার জন্য ১লা সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে শুরু করে পরবর্তী ১৮০ দিনের জন্য সোলার সিস্টেম সংশ্লিষ্ঠ সকল যন্ত্রাংশের আমদানি শুল্ক ১% নির্ধারণ করা হয়েছে। জাতীয় গ্রন্থাগার ভবনের ছাদে এই সময়ের মধ্যে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে আমরাও সরকারের এই বিশেষ কার্যক্রমে অংশ গ্রহণ করছি। এছাড়া যে প্রতিষ্ঠান ইনভেস্টমেন্টের মাধ্যমে এই মহতি উদ্যোগে এগিয়ে আসছেন তারা কোনক্রমে যেন হতাশ না হন সেদিকে বিদ্যুৎ বিভাগ এবং স্থাপনা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার সবার আগে বাংলাদেশ আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে।’
এছাড়া তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের যতগুলো স্থাপনায় সোলার প্যানেল বসানো সম্ভব, তা যেন বাস্তবায়ন করা হয় সেজন্য বিদ্যুৎ বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ডেসকো ১২. ৫ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্পের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি’র পক্ষ থেকে স্বাক্ষর করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ, আর্কাইভ গ্রন্থাগার অধিদপ্তরের পক্ষ থেকে ফারজানা সুলতানা পরিচালক (যুগ্মসচিব) এবং ফাইবার এট হোম এর পক্ষ থেকে প্রকল্প পরিচালক শাহজামান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ সবুর হোসেন, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ, মঈনুল হক সিদ্দিকী, চেয়ারম্যান ফাইবার এট হোম লিমিটেড।
স্বাগত বক্তব্য রাখেন ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম আহমেদ এনডিসি পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার জহিরুল ইসলাম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.