নিজস্ব প্রতিবেদক : ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গীর চেরাগআলীতে ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
টঙ্গীর চেরাগআলীতে ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর ওষুধ কারখানায় লাগা আগুন পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ১০টা ১০ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা। এরপর একে একে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনী ও বিজিবি অগ্নি নির্বাপণের কাজে যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় বর্তমানে ২০টি ইউনিট কাজ করছে। এ ছাড়া দুপুর দেড়টার দিকে কারখানার আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত ও উদ্ধার অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, কারখানার ভেতরে থাকা সচল পাম্প এবং আশপাশের বসতবাড়ির পাম্প থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে।
সবার চেষ্টায় বেলা ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় ফায়ার সার্ভিস। তবে তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির ওই কারখানাটি ফার্মাসিউটিক্যালস ক্যাটাগরির। সেখানে ৩৮৫ জন শ্রমিক কাজ করেন। এ ঘটনায় দুপুর পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.