
তিনি বলেছেন, গার্মেন্টস শিল্পের সঙ্গে লাখ লাখ মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। শ্রমিকরা কখনোই নিজেদের কর্মসংস্থানের এই শিল্পের ক্ষতি করতে চান না। মজুরি বোর্ড গঠনের দিন থেকেই শ্রমিকরা কাজে ফিরেছেন। তাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে ফ্যাসিস্ট ও দুষ্কৃতিকারীরা। শ্রমিকরাও বলেছেন, এটি এখন আর তাদের আন্দোলন নয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিশেষ আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মানুষের অর্থনীতির মূল চালিকাশক্তি এই গার্মেন্টস শিল্প। সরকার এই খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে। অথচ একটি গোষ্ঠী ও পার্শ্ববর্তী দেশ এই শিল্পকে টিকতে না দেওয়ার ষড়যন্ত্র করছে। যা ইতিমধ্যে শ্রমিক নেতারাও বক্তব্যে বলেছেন। এই শিল্পের সঙ্গে লাখ লাখ মানুষের ভাগ্য ও রুটি-রুজির বিষয় জড়িত। মানুষ কখনো নিজের জীবিকার ক্ষেত্র ধ্বংস করতে চায় না।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করবে মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন মজুরি পাবেন। এটাই ছিল শ্রমিকদের মূল দাবি। কাজেই আজকের পর থেকে আন্দোলন থাকার কথা নয়। এখন ষড়যন্ত্রকারীরা যাতে কোনো সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজও ককটেলসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার হয়েছেন। রাজনৈতিক নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। শ্রমিকদের বোঝাতে হবে এবং দুষ্কৃতিকারীদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের তথ্য দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশকে যে পর্যায়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক। জাপান বাংলাদেশ থেকে দুই লাখের বেশি কর্মী নেওয়ার কথা জানিয়েছে। বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে, সে জন্যও ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সভায় অংশ নেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.