ডিডিপি ডেস্ক: দেশের উদ্যোক্তাদের অন্যতম সংগঠন অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ (ই-ক্লাব)-এর ২০২৭–২০২৮ মেয়াদের নবগঠিত নির্বাহী কমিটিতে অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ রাশেদুল বারী ইকবাল।
নতুন নির্বাহী কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ সাফি এবং জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছেন রাবেয়া খাতুন লাকি।
শেখ রাশেদুল বারী ইকবাল ব্যবসায়িক পরামর্শ ও কর্পোরেট ডকুমেন্টেশন সেবাদানকারী প্রতিষ্ঠান “Z+ Business Solutions”-এর প্রতিষ্ঠাতা। কর্পোরেট ব্যবস্থাপনায় ১৩ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই পেশাজীবী দীর্ঘ কর্মজীবনে বিজনেস অপারেশন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, কর্পোরেট অ্যাফেয়ার্স এবং সরকারি ও প্রাতিষ্ঠানিক টেন্ডার ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।
২০১৭ সালে যাত্রা শুরু করা ই-ক্লাব ২০১৮ সালে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC)-এর নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশের প্রান্তিক, নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরিতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক উদ্যোক্তাদের উন্নয়ন ও সহায়তার লক্ষ্যে সংগঠনটি ‘ভিন্নতা’ও ‘প্রসার’নামে দুটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।
অফিস সেক্রেটারি হিসেবে শেখ রাশেদুল বারী ইকবাল তাঁর পেশাগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনের প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং নির্বাহী কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ই-ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন এবং দেশের উদ্যোক্তা সমাজের উন্নয়নে অবদান রাখাই হবে তাঁর অন্যতম অগ্রাধিকার।
ই-ক্লাবের অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শেখ রাশেদুল বারী ইকবাল

