Site icon Daily Dhaka Press

দুই দিনেই পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা, নেই শক্ত নজরদারি

নিজস্ব প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। হঠাৎ এই নিত্যপণ্যের দাম বাড়ার কারণে বিপাকে পড়েছেন পাইকার ও ভোক্তারা। তবে আমদানিকারকদের দাবি, ভারতে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দেওয়ায় দাম বাড়ছে।

ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজায় টানা সাত দিন আমদানি বন্ধ থাকা, ভারতে দাম বৃদ্ধি ও নতুন করে ডলার সংকটে ব্যাংকগুলো চাহিদামতো এলসি (লেটার অব ক্রেডিট) না দেওয়ার প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের পেঁয়াজের বাজারে।

দুই দিনের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা।
আমদানিকারকরা জানান, পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়েছে ভারত সরকার। প্রতি মেট্রিক টন পেঁয়াজের রপ্তানি মূল্য ন্যূনতম ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। যা গতকাল রবিবার থেকেই কার্যকর শুরু হয়েছে।

এর আগে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২৫০ থেকে ৩০০ মার্কিন ডলারে আমদানি হতো। গত ২৮ অক্টোবর ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারঞ্জি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণের সেই নির্দেশনা জারি করা হয়। রবিবার থেকেই ওই নির্দেশনা কার্যকর করা হয়েছে। এখন থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতি মেট্রিক টন পেঁয়াজ ন্যূনতম ৮০০ মার্কিন ডলারে রপ্তানি করতে হবে।
সরেজমিনে হিলি স্থলবন্দরে দেখা যায়, পূজার ছুটি শেষে বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ শনিবার বন্দরে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে আর গতকাল রবিবার সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের কয়েকজন ব্যবসায়ীরা বলেন, ‘হিলিতে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। ৬০ টাকার পেঁয়াজ এখন কিনতে হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দিয়ে।

ক্ষেতলাল থেকে পাইকারি পেঁয়াজ কিনতে আসা বাবু বলেন, ‘পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে। প্রতি ট্রাক পেঁয়াজে ১০ থেকে ৩০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক-রপ্তানিকারক সংগঠনের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, ভারতের এই সিদ্ধান্তের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম আরো বাড়বে। ভারতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে পেঁয়াজের ক্ষেত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে কয়েক দিন ধরেই ভারতের মোকামগুলোতে পেঁয়াজের দাম ঊর্ধমুখী। ভারতীয় মুদ্রায় ২৫ রুপি কেজি দরের পেঁয়াজ এখন কিনতে হচ্ছে ৫০ রুপিতে। এতে পেঁয়াজ আমদানি করতে প্রতি কেজিতে খরচ পড়বে ৮৮ টাকা। আমরা যে এলসি দিয়েছি সেই এলসিগুলো বর্তমান বাতিল করতে হচ্ছে। ব্যাংকগুলো ডলার সংকটের অজুহাতে নতুন এলসি খুলছে না। নতুন করে এলসি দিলে শুধু ভারত নয়, অন্যান্য দেশ থেকেও পেঁয়াজ আমদানি করা যাবে। পূজার ছুটির মধ্যে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়।

Exit mobile version