
চট্টগ্রাম ব্যুরো : দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলা পুলিশের ১১ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রদবদল করা হয়েছে।
গতকাল ৭ ডিসেম্বর পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে বিকেলে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।
বদলির বিষয়টি নিশ্চিত করেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।
সিএমপি সূত্রে জানা গেছে, চকবাজারের ওসি মনজুর কাদের মজুমদারকে বন্দর থানায়, সদরঘাট থানার গোলাম রব্বানীকে আকবর শাহ থানায়, বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ ফেরদৌস জাহানকে সদরঘাট থানায়, আকবর শাহ থানার মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরকে চকবাজার থানায় এবং বন্দর থানার সঞ্জয় কুমার সিনহাকে বায়েজিদ বোস্তামি থানায় পদায়ন করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম জেলার রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায়, বাঁশখালীর কামাল উদ্দিনকে সীতাকুণ্ড থানায়, মিরসরাইয়ের মো .কবির হোসেনকে সন্দ্বীপ থানায়, সন্দ্বীপের মোহাম্মদ সহিদুল ইসলামকে মীরসরাই থানায়, সীতাকুণ্ডের তোফায়েল আহমেদকে বাঁশখালী থানায় এবং জোরারগঞ্জের জাহিদ হোসেনকে রাউজান থানায় পদায়ন করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার সূত্রে জানা যায়, এ বদলি প্রক্রিয়া আরও দীর্ঘও হতে পারে। সুষ্ঠু নির্বাচনের অংশ হিসেবে এ সংক্রান্ত প্রক্রিয়া নির্বাচন কমিশন যে কোন সময় করতে পারে।
এ নিয়ে প্রশাসনের ভেতরে নানা উদ্বেগ সৃষ্টি হয়েছে, কখন কার বদলির আদেশ আসে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.