ডেস্ক রিপোর্ট: ২০২১-২০২২ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করে সম্মাননা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ রিসোর্সেস এর অঙ্গপ্রতিষ্ঠান ম্যাগনাম স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
১১ ডিসেম্বর ২০২৩ ইং সোমবার কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট, ঢাকা (দক্ষিণ) কমিশনারেট এর পক্ষ থেকে প্রদেয় এই সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারিয়া হোসেন।
রাজধানীর কাকরাইলে অবস্থিত ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিয়ার্স হলরুমে কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃক আয়োজিত ‘জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন কমিশনার জনাব শওকত আলী সাদী।
সম্মাননা পাওয়ার পর নিজের অভিব্যক্তি ব্যক্ত করে ফারিয়া হোসেন বলেন, “কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, ঢাকা (দক্ষিণ) কমিশনারেটকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সম্মাননা প্রদানের জন্য।
ভোক্তাদের কাছে আমরা সর্বোচ্চ পর্যায়ে স্বচ্ছতা রাখতে দৃঢ় প্রত্যয়ী বলেই এই সম্মাননা লাভ করা সম্ভব হয়েছে। আশা করি প্রতি বছর এইভাবে আমরা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে পারবো।”

