
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠুনে ধান মাড়াই করার সময় বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমরনগর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কবির আহমদ ওই এলাকার অলি আহমদের ছেলে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) অরুপ কুমার চৌধুরী বন্যহাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বাড়ির উঠুনে ধান মাড়াই করছিলেন কবির আহমদ। এসময় অজান্তে পেছন দিক থেকে একটি বন্যহাতি এসে শুঁড় দিয়ে আছড়িয়ে গুরুতর আহত করে তাকে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান,সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নামাযে জানাযা পড়ে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে কবির আহমদকে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.