Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৩৯ দিনে ১৩৯৭ জনকে পুশইন বিএসএফের
    Lead

    ৩৯ দিনে ১৩৯৭ জনকে পুশইন বিএসএফের

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 13, 2025No Comments3 Mins Read

    সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী চারটি এলাকা দিয়ে আরো ৭০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১১ জুন) রাত থেকে বৃহস্পতিবার (১২ জুন) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের পুশ-ইন করা হয়।

    সীমান্তবর্তী অঞ্চল থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করার পর বাংলাদেশি হিসেবে পরিচয় নিশ্চিত করা হয়। আটকদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ নারী ও ৩০ শিশু রয়েছে। তারা কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বাসিন্দা।

    পুশ-ইনের শিকারদের মধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তের মিনাটিলা ও শ্রীপুর এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জন এসেছেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ঢুকেছেন আরো ১৭ জন। আর লালমনিরহাটের আদিতমারী সীমান্ত দিয়ে সাতজনকে পুশ-ইন করে বিএসএফ।

    এ নিয়ে বৃহস্পতিবার (১২ জুন) পর্যন্ত এক হাজার ৩৯৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। তাদের মধ্যে ৭৮ জনকে সুন্দরবন এলাকা দিয়ে পুশ-ইন করা হয়েছে। বাকি এক হাজার ৩১২ জনকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বেআইনিভাবে ঠেলে পাঠায় বিএসএফ।

    বিভিন্ন মানবাধিকার সংস্থা ও মানবাধিকারকর্মীরা ঠেলে পাঠানোর এ প্রক্রিয়া আইনসংগত নয় বলে মন্তব্য করলেও পুশ-ইন বন্ধ হচ্ছে না।

    ভারতের মানবাধিকারকর্মী কিরীটী রায় বলেন, ধরলাম আর পাঠালাম– এটি তো সভ্য সমাজের কাজ হতে পারে না। এখানে আদালত আছে। যাচাই-বাছাইয়ের বিষয় আছে। আবার অনেক রোহিঙ্গা পাঠানো হয়েছে, যারা দিল্লির ইউএনএইচসিআরের কার্যালয়ের কার্ডধারী।

    এ নিয়ে ৩ জুন ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারত থেকে বাস্তবিক অর্থে ‘পুশ-ইন’ ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, দুই দেশের বিদ্যমান কনস্যুলার সংলাপের মাধ্যমে এর সুরাহা করা যায় কিনা, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। ভারত থেকে পুশ-ইন হচ্ছে। সেটা ফিজিক্যালি (সীমান্তে বাধা দিয়ে) ঠেকানো সম্ভব নয়। এটি নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান-প্রদান হচ্ছে।

    বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ৭০ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তারা অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিলেন। ৪৮ বিজিবির আওতাধীন নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ-ইন করে বিএসএফ। পরে আটক করা হয়।

    এর মধ্যে কালাইরাগ সীমান্ত থেকে দুটি পরিবারের ১৩ জন, মোকামপুঞ্জি সীমান্ত থেকে দুই পরিবারের ১৭ জন, মিনাটিলা এলাকা থেকে চার পরিবারের ২৩ জন এবং ছাতকের নোয়াকোট সীমান্ত এলাকার ছনবাড়ি থেকে চারটি পরিবারের ১৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৩ জন কুড়িগ্রামের ও লালমনিরহাটের ২৭ জন।

    সীমান্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, ৪ মে থেকে গত ৩৯ দিনে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১৩২ জন, সিলেট সীমান্ত দিয়ে ১৬৮, মৌলভীবাজার ৩৮০, হবিগঞ্জ ৪১, সুনামগঞ্জ ৩৩, কুমিল্লা ১৩, ফেনী ৫২, কুড়িগ্রাম ৯৩, লালমনিরহাট ৯২, ঠাকুরগাঁও ২৬, পঞ্চগড় ৩২, দিনাজপুর ২৮, চাঁপাইনবাবগঞ্জ ১৭, কুষ্টিয়া ৯, মেহেরপুর ৪২, চুয়াডাঙ্গা ১৯, ঝিনাইদহ ৫২ এবং সাতক্ষীরা সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাঠানো হয়েছে। এ ছাড়া সুন্দরবনের গহিন অরণ্যের মান্দারবাড়িয়া এলাকা দিয়ে ৭৮ জনকে পুশ-ইন করা হয়েছে।

    এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত দিয়ে ১২ নারী, পুরুষ ও শিশুকে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। এই দুই সীমান্ত দিয়ে একযোগে পুশ-ইনের চেষ্টা চালানো হয়। বৃহস্পতিবার ভোরে বিএসএফ পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তের ৮৪৭ পিলারের কাছে সাতজন ও হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া বড় মসজিদ সীমান্তের ৮৮৯/ ১০ এস পিলার এলাকা দিয়ে পাঁচজনকে পুশ-ইনের চেষ্টা করে।

    তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। ওই ১২ জন এখন সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। একই সময় আদিতমারী উপজেলার দীঘলটারী সীমান্তের ৯২৬/৩ এস পিলার দিয়ে সাতজনকে পুশ-ইন করে বিএসএফ। এ ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থানে আছে বিজিবি।

    লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আদিতমারী সীমান্ত দিয়ে যাদের পুশ-ইন করা হয়েছে, তারা একই পরিবারের সদস্য। স্বজনের উপস্থিতিতে তাদের পরিচয় নিশ্চিত করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে। বিএসএফ রাতের আঁধারে যেভাবে পুশ-ইন করছে, এটি অমানবিক।

    এর আগে ২৮ মে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৮ জনকে পুশ-ইনে ব্যর্থ হয়ে ফেরত নেয় ভারত। এর দু’দিন পর পাটগ্রাম ও বুড়িমারীতে আট ভারতীয় নাগরিককে পুশ-ইন করে বিএসএফ। তারা সবাই আসাম প্রদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version